ফিক্সিং সংশ্লিষ্টতায় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। তার এই শাস্তি কমতে পারে বলেও খবর প্রকাশ হয়েছে। এর মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন জুলকারনাইন হায়দার। তিনি দাবি করেছেন, উমর তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন।
শুধু তাই নয়। জুলকারনাইনের দাবি, খারাপ খেলার জন্য তাকে হুমকি পর্যন্ত দেন উমর। যে হুমকির পর টিম হোটেল থেকে কাউকে না জানিয়ে লন্ডন পালিয়ে গিয়েছিলেন এই ক্রিকেটার।
২০১০ সালের ঘটনা। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিল পাকিস্তান। কিন্তু সিরিজ চলাকালেই কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান জুলকারনাইন। এতদিন পর যার কারণ জানিয়েছেন পাকিস্তানের হয়ে ১টি টেস্ট, ৪ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার।
জুলকারনাইন পুরো দায় চাপাচ্ছেন আকমলের ওপর, ‘সিরিজের তৃতীয় ম্যাচে উমর খেলেনি। মাঠে পানি নিয়ে এসে আমাকে বলছিল খারাপ খেলতে। কিন্তু আমি ওর কথা শুনিনি। ম্যাচ শেষে কয়েক জনের সঙ্গে ও আমাকে হুমকি দিতে শুরু করে। যা মানসিক ভাবে চাপে ফেলে দেয় আমাকে। সেই রাতেই দলকে না জানিয়ে লন্ডনে উড়ে যাই।’ এরপর আর দেশের জার্সি গায়ে জড়ানো হয়নি তার।
আকমলকে যে তিন বছরের নিষিদ্ধ হয়েছেন, এই শাস্তিকে তাই কম মনে হচ্ছে জুলকারনাইনের। বলছেন, ‘আজীবন বহিষ্কারাদেশ ওর পাওনা। শুধু তাই না, ওর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তিও জব্দ করা উচিত।’
