করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে ১৬ মে পর্যন্ত দেশের উচ্চ আদালতসহ অধস্তন আদালত বন্ধ থাকছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সুপ্রিমকোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ৬ মে বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৫ ও ১৬ মে সাপ্তাহিক ছুটির দিনগুলোও এই ছুটির অন্তর্ভুক্ত থাকবে। ছুটির সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালতও বন্ধ রয়েছে। কেবল জরুরি প্রয়োজনে প্রতিটি জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে।
×
