টিফিনের জমানো টাকা ত্রাণ তহবিলে দিল পিতৃহারা শিশু

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৫৮ এএম

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সারা তাসনিম সৌম্য টিফিনের জমানো ৫ হাজার টাকা করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলিয়ে দিতে সরকারি ত্রাণ তহবিলে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের হাতে এ টাকা তুলে দেয় সে। এ সময় ওই স্কুলছাত্রীর মা মোছা. মেরিনা বেগম উপস্থিত ছিলেন।

মেরিনা বেগম বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। বোনের বাসায় (শহরের বালুয়াডাঙ্গা) থাকি। মেয়েটাকে (সারা) স্কুলে যাওয়ার সময় ভাড়া এবং টিফিন বাবদ সামান্য কয়টা টাকা দিতাম। ও সেই টাকা জমিয়ে আজকে (মঙ্গলবার) ডিসি স্যারের হাতে দিয়েছে। আমি জানতামই না মেয়েটা এতগুলো টাকা জমিয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ সারা বলে, ‘বাবা নেই। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আম্মুর কাছে যে অটো ভাড়া ও টিফিন বাবদ টাকা নিতাম সেগুলোর একটা অংশ জমিয়ে রেখেছিলাম। আমি প্রতি বছরই এ রকম করে কিছু টাকা জমিয়ে ঈদের আগে সেগুলো খরচ করতাম। কিন্তু এবার দেশের এই মহামারীতে আমার কাছে ঈদের খরচ করার থেকে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এজন্য ডিসি স্যারের কাছে জমানো ৫ হাজার টাকা দিয়েছি। আমি ভবিষ্যতে একজন সৎমানুষ হয়ে দেশের সেবা করতে চাই।’

জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘ছোট ছোট শিশুদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সমাজে অনেক বিত্তবানরা আছেন কিন্তু এভাবে হয়তো অনেকেই ভাবছেন না। আজকে শিশুটি তার জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়েছে এর জন্য আমি গর্বিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত