এমপি হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন

আপডেট : ০৬ মে ২০২০, ১২:১৮ পিএম

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও স্থানীয় বিএনপি নেতা নবী উল্লাহ নবী।

মৃত্যুকালে ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের এই এমপির বয়স ছিল ৭৮ বছর। তিনি ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, গত ২৭ মার্চ থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এমপি হাবিবুর রহমান মোল্লা। গত সাত দিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতুয়াইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রয়াত সংসদ সদস্যকে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বর্ষিয়ান এই রাজনীতিবিদ ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।পরে ২০০৮ সাল এবং পরের দুটি নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে তিনি জয়ী হন।

হাবিবুর রহমান মোল্লা স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন। তার বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত