‘বাংলাদেশ দলে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা ক্রিকেটার হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।’ সম্প্রতি দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এই মন্তব্য করেছেন।
মাহমুদউল্লাহকে ভারতের ব্যাটিং কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও তুলনা করেন সদ্য সাবেক এই অধিনায়ক।
নতুন ওয়ানডে তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভ আড্ডায় মাশরাফী বলেন, ‘রিয়াদকে (মাহমুদউল্লাহ) আমি অনেক সময় ভিভিএস লক্ষ্মনের মতো মনেকরি। প্রয়োজন হচ্ছে না রান করছে না। কিন্তু যখন দলের প্রয়োজন, সে এমন একজন, তখন সে ঠিকই এগিয়ে আসে।’
মাশরাফী মনে করেন মাহমুদউল্লাহ ওপরের দিকে ব্যাট করার সুযোগ পেলেন তার পরিসংখ্যান অন্য রকম হতে পারতো। কিন্তু লোয়ার মিডল অর্ডারে কার্যকরী কেউ নেই। তাই স্বীকৃতি ব্যাটসম্যান হয়েও মাহমুদউল্লাহ শুধু দলের কথা ভেবে নিচের দিকে খেলে যাচ্ছেন।
মাশরাফী বলেন, ‘দলের ভালোর জন্য ওকে আমাদের ছয়ে ব্যাট করাতে হচ্ছে। আমাদের নিচের দিকে এরকম ব্যাটসম্যান নাই যে বিধ্বংসী খেলতে পারে। দলের জন্য খেলতে গিয়ে ওর ক্যারিয়ারে অনেক রান হারিয়েছে। অনেক সময়ই রিয়াদ মন খারাপ করেছে। আমি বুঝিয়েছি। তবে সে হাসিমুখে মেনে নিয়েছে।’
মাশরাফী যোগ করেন, ‘ওর নামের পাশেও ৭-৮ হাজার রান থাকতে পারত। কিন্তু ওকে দলের জন্য খেলতে হয়েছে। খুব কঠিন কাজ করতে হয় ওকে। ওর কাজটা এমন, সব দিন সফল হবে না। সফল না হলে দর্শক, মিডিয়া, সব জায়গায় সমালোচনা শুনতে হয় ওকে। তার পরও করে যাচ্ছে।’
‘সে সিনিয়র ক্রিকেটার, তবু একদিনও এসে কিন্তু বলেনি যে চারে ব্যাট করতে চাই। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে আসছে সে।’
