করোনার ধাক্কা লেগেছে বিশ্বজুড়ে আলোচিত সাহিত্য উৎসব হে ফেস্টিভ্যালেও। উৎসবটির ৩২ বছরের ইতিহাসে এবারই প্রথম অনলাইনে অনুষ্ঠিত হবে এটি।
যুক্তরাজ্যের জিকিউ ম্যাগাজিন বুধবার এ খবর দিয়েছে।
ইংল্যান্ড ও ওয়েলসের সীমান্ত ঘেঁষে ওয়ে ভ্যালিতে এই উৎসব হয়ে আসলেও করোনা প্রাদুর্ভাবের কারণে এবার সেই আয়োজন করা সম্ভব হচ্ছে না।
বিশ্বজুড়ে সাহিত্য প্রেমী ও বইপ্রেমীদের জন্য এটি দুঃসংবাদ হতে পারত যে, এবার হে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে না। তবে তাদের একেবারে হতাশ করে না দিয়ে পুরো আয়োজনটি অনলাইনে সারা হবে।
১৮-৩১ মে অনুষ্ঠিত হবে এবারের হে ফেস্টিভ্যাল। ১০০ জনেরও বেশি লেখক, কমেডিয়ান, সাংবাদিক, রাজনীতিবিদ, রাঁধুনি, অ্যাক্টিভিস্ট, ইতিহাসবিদ এবং দার্শনিকদের সমাবেশ ঘটবে এবারে অনুষ্ঠানে।
