করোনাকালে ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২০, ১২:৫৪ এএম

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন অব্যাহত থাকবে ততদিন সরকার জনসাধারণকে মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান।

বুধবার দুপুরে সাভারের রাজাশন এলাকায় সেন্ট পিটার্স স্কুল ও অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার প্রতি আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা বরাদ্দ করেছেন। আগামী ১২ জুন তারিখ থেকে এই টাকা উপকারভোগীদের মোবাইল একাউন্টে পৌঁছে যাবে। ইতোমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে মানবিক ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে যার মাধ্যমে মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত