চট্টগ্রামের খুলশীতে বসবাসরত শ্রীলঙ্কান এক নাগরিক কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষার পর শ্রীলঙ্কার ওই নাগরিকসহ ২২ জনের পজিটিভ এসেছে। এই প্রথম বাংলাদেশে কোনো বিদেশি নাগরিকের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেল।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে রাঙ্গামাটি জেলার চারজন, নোয়াখালী জেলার দুজন এবং ফেনী ও লক্ষ্মীপুর জেলার একজন করে শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলায় আক্রান্তদের মধ্যে খুলশীতে বসবাসরত শ্রীলঙ্কান নাগরিক, সিএমপির দুজন পুলিশ সদস্য, তিন কোস্টগার্ড সদস্য, বাঁশখালী উপজেলার দুজন এবং সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুন্ড, মিরসরাই উপজেলার একজন করে আছেন। এ ছাড়া বিআইটিআইডিতে একজন ও ফিল্ড হাসপাতালের একজনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।
