গাজীপুরের গত ২৬ এপ্রিল পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর গতকাল বুধবার পর্যন্ত গাজীপুরে ছয়জন পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে কভিড-১৯-এর উপসর্গ নেই বলে জানিয়েছেন আক্রান্তদের একজন।
সর্বশেষ গাজীপুরে লিথি গ্রুপের তিনটি গার্মেন্টসের চার শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। গত কয়েক দিন ধরে তারা কারখানায় কাজ করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও ইউপি মেম্বার তাদের গার্মেন্টসে যেতে দেননি।
আক্রান্ত ওই যুবক (২০) জানান, বাবা-মা ও ছোট বোনসহ তারা ছয়জন এবং প্রতিবেশী এক দম্পতি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকার লিথি গ্রুপের অ্যাপারেলস, বেসিক ও প্যানটেক্স কারখানায় কাজ করেন। করোনাভাইরাসের কারণে কারখানা ছুটি হয়ে গেলে গত ২২ এপ্রিল তারা সুনামগঞ্জের তাহিরপুর যান। এর মধ্যে পোশাক কারখানা খোলার ঘোষণা দিলে তারা গত ২৬ এপ্রিল গাজীপুর সদর উপজেলার শিরিচালার ভাড়া বাড়িতে ফিরে আসেন।
