ঢাকা-৫ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গতকাল বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। প্রায় এক মাস ধরে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনীতি ও জনগণের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ঢাকা-৪ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে ঢাকা-৪ আসনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেন প্রথমবারের মতো। ওই নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের নির্বাচনে সালাহউদ্দিন আহমেদের কাছে পরাজিত হন। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসের পর ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করেন তিনি। সেই নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদকে পরাজিত করেন। টানা তিনবার তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন।
