করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক অপুর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২০, ০৬:৪৮ এএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলোর সাংবাদিক মাহমুদুল হাকিম অপু (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ৩টার দিকে রাজধানীর বনশ্রীর ভাড়া বাসায় মারা যান তিনি। মাহমুদুল হাকিম পত্রিকাটির জ্যেষ্ঠ সহসম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। তিনি টেস্ট করাননি। কিন্তু উপসর্গ ছিল। আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর কয়েকজন টেস্ট করেছেন। তাতে পাঁচজনের করোনা পজিটিভ। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে খোকন ভাই চলে গেলেন, এরপরই আজ (গতকাল) অপু ভাই চলে গেলেন। তাদের হারিয়ে আমরা মেধাবী দুই সাংবাদিককে হারালাম। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হবে না। আমরা খোকন ভাই ও অপু ভাইয়ের পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যতদূর সম্ভব আমিন মোহাম্মদ গ্রুপ তাদের সহযোগিতা করবে, পাশে থাকবে।’

সাংবাদিক অপু দৈনিক সময়ের আলোর আগে দৈনিক সকালের খবর, আমার দেশ ও দৈনিক সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার কয়েকজন সহকর্মী দেশ রূপান্তরকে জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে জ¦র ও কাশি নিয়ে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গতকাল আনুমানিক রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পান। অসুস্থবোধ করার পর থেকেই বাসায় ছিলেন। তিনি এভাবে চলে যাবেন ভাবতেও পারেননি।

সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত