ইলন মাস্কের ছেলের নাম ‘এক্স আয়ে এ-১২’, ব্যাখ্যা দিলেন প্রেমিকা

আপডেট : ০৭ মে ২০২০, ১১:৩৮ এএম

আবারও বাবা হওয়ার সংবাদ দিলেন ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার বান্ধবী সঙ্গীত তারকা গ্রিমস একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার মাস্ক টুইটারে ঘোষণা দেন, মা এবং বাচ্চা ভালো আছে। 

সিনেট জানায়, বাবা হওয়ার সংবাদে সবাই ইলন মাস্কে শুভেচ্ছা জানালেও নবজাতকের নাম নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।   

টুইটারে মাস্ক ছেলের দুইটি  ছবি দেন। যাতে দেখা যায় বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন মাস্ক, আরেকটিতে বাচ্চা ঘুমিয়ে আছে, তার চেহারায় আঁকিবুঁকি। 

পোস্টে একজনের প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, তার ছেলের নাম এক্স আয়ে এ-১২। যদিও এটিই বাচ্চার সত্যিই সত্যিই নাম কী না বোঝা যায়নি। কিন্তু এ কেমন নাম, এই নামের অর্থ কি- এ নিয়ে টুইটারে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে।

তবে মঙ্গলবার গ্রিমস এই নামের ব্যাখ্যা দেন। টুইটার পোস্টে তিনি বলেন,  এক্স আয়ে এ-১২ এই নামের এক্স হচ্ছে একটি অজানা চলক। আয়ে (Æ) হচ্ছে ভালোবাসা বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এ-১২ হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের আকাশযান, যেটাতে কোনো মারণাস্ত্র ও প্রতিরক্ষা থাকবে না, এটি শুধু ছুটবে। 

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে কানাডীয় সঙ্গীত তারকা গ্রিমসের সঙ্গে প্রেম করছেন টেসলা ও স্পেসএক্সের নির্বাহী ইলন। এর আগে তিনটি বিয়ে করেছিলেন তিনি, সবগুলোই ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের মাধ্যমে ছয়বার বাবা হন মাস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত