ফেনীর দাগনভূঁঞা উপজেলা পরিষদের একজন ভাইস-চেয়ারম্যানের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই জনপ্রতিনিধির করোনা পরীক্ষার জন্য রবিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। বুধবার রাতে পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তার পজিটিভ এসেছে।
ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. সরফুদ্দিন জানান, বুধবার ফেনীতে তিন নারীর শরীরে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুই কিশোরী ও এক নারী জনপ্রতিনিধি রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, জেলায় এখন পর্যন্ত ৪৯৫ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরিনারি থেকে ৩০৬ জনের নমুনা প্রতিবেদন আসে। এর মধ্যে সাতজনের পজিটিভ আসে।
ফেনীর চার উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাতজন। তাদের চারজনই নারী। এদের মধ্যে ছাগলনাইয়ায় দুজন, দাগনভূঁঞায় তিনজন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফেনী সদর ও পরশুরামে এখনো করোনা আক্রান্ত শনাক্ত হয়নি।
এদিকে বুধবার সকালে ফেনী ট্রমা সেন্টার থেকে করোনা আক্রান্ত সোনাগাজীর এক যুবক ও ছাগলনাইয়ার এক যুবক ছাড়পত্র পেয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
