গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ সংকমণে দেশে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের আটজন পুরুষ ও পাঁচজন নারী। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ছয়জন, ঢাকা বিভাগের জেলায় তিনজন এবং চট্টগ্রাম বিভাগে চারজন রয়েছেন। মৃতদের ছয়জন ষাটোর্ধ্ব, চারজন ৫১-৬০ বছরের মধ্যে, দুজন ৪১-৫০ বছরের এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন, যা গতকালের তুলনায় ৮৬ জন কম। এ সময়ে পাঁচ হাজার ৮৬৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।
