করোনাভাইরাসের সংকটময় সময়ে অসহায় হকি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সমিতির উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক আবু সায়েম শাহীনের সার্বিক সহায়তায় খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। প্রায় ৫০০ খেলোয়াড়কে সহযোগিতা করেছে সংগঠনটি।
বিভিন্ন জেলায় থাকা খেলোয়াড়দের কুরিয়ারের মাধ্যমে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আবু সায়েম শাহীন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘খেলোয়াড়দের যে কোন দুঃসময়ে পাশে থাকবে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। ভবিষ্যতে এমন আরো উদ্যোগ নেয়া হবে।’
এদিন খেলোয়াড়দের মাঝে উপহার সামগ্রী প্রদানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, শহীদুল্লাহ টিটু, মওদুদুর রহমান শুভ, রাহুল রায়, মাকসুদ আলম হাবুলসহ অন্যরা।
