মনোযোগ বাড়ানোর সহজ উপায়

আপডেট : ০৮ মে ২০২০, ১২:২১ এএম

অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়তে বসে মনোযোগ ধরে রাখতে পারে না। মনের মধ্যে নানা ধরনের চিন্তা ও বিষয় ঘুরে বেড়ায়। তাদের মনোযোগ ধরে রাখার উপায় দিলেন বিউটিফুল মাইন্ড স্কুলের সিনিয়র শিক্ষক আসমা খানম জেবা

১. মুখে  শব্দ করে পড়তে হবে। মনে মনে পড়া বাদ দিতে হবে। মুখে উচ্চারণ করে পড়লে অন্য চিন্তা করামাত্রই পড়ার শব্দ থেমে যাবে, ফলে সহজেই বুঝতে পারবে কখন পড়া থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এছাড়া মনে মনে পড়লে তা মস্তিষ্কে ক্ষণস্থায়ী হয় আর শব্দ করে পড়লে একই সঙ্গে দেখা ও শোনার মাধ্যমে তা ভালোভাবে মাথায় ঢোকে।

২. মানুষ তার অবচেতন মনে কিছু কিছু কাজ করতে পারে। এ জন্য পড়ার সময় প্রায়ই দৃষ্টি বইয়ের পাতা থেকে এক মুহূর্তের জন্য সরাবে। যে বাক্যটা এইমাত্র পড়লে বা বুঝলে সঙ্গে সঙ্গে তা না দেখে বলবে। তাহলে ওই অবচেতন মনে রিডিং পড়া হবে না, অন্য চিন্তাও মাথায় আসার সুযোগই পাবে না।

৩. পড়ার সময় অনেক অপ্রয়োজনীয় শব্দ আমাদের শুনতে হয়। তাই উচ্চারিত পড়ার শব্দ মস্তিষ্কে পাঠানোর জন্য কান বন্ধ করে পড়া ভালো।  এতে অন্য সব চিন্তা বা শব্দ মাথায় আসার সুযোগ পাবে না।

৪. পড়ার সময় অবশ্যই সামনে খাতা কলম রাখতে হবে। যে জিনিসটা সহজে মনে থাকে না তা খাতায় লিখে ফেলতে হবে। পড়ার থেকে লেখার সময় তুলনামূলকভাবে বেশি মনোযোগের প্রয়োজন পড়ে। ফলে মস্তিষ্ক অন্য কোনো চিন্তা করার সুযোগ পায় না।

৫. পড়ার সময় অন্য চিন্তা এলে ঘরে পায়চারি করতে করতে অর্থাৎ হেঁটে হেঁটে কিছুক্ষণ পড়া যেতে পারে। এছাড়া দীর্ঘ সময় একস্থানে বসে পড়লে সেখানে যদি নানা চিন্তা আসে, সে ক্ষেত্রে এক ঘর বদলে অন্য ঘরে পড়া যেতে পারে।

৬. একই সঙ্গে একাধিক কাজ করলে কখনোই মস্তিষ্ক সবগুলো কাজে সমান ও সর্বোচ্চ মনোযোগ দিতে পারে না। পড়ার সময় মনঃসংযোগ বিচ্ছিন্ন হওয়ার এটি একটি কারণ। তাই পড়ার সময় মোবাইল ফোন ও টেলিভিশন থেকে দূরে থাকতে হবে। পড়ার সময় শুধুই পড়তে হবে। অন্য কোনো কাজ করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত