‘এই উইন্ডিজ বিশ্ব চ্যাম্পিয়নের চেয়েও ভালো’

আপডেট : ০৮ মে ২০২০, ১২:৪৪ এএম

সম্প্রতি প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের নিচে নয়ে নেমে গেছে উইন্ডিজ। তবে এসব র‌্যাংকিংয়ে গুরুত্ব দিচ্ছেন না ডোয়াইন ব্রাভো। তার মতে, সর্বশেষ বিশ্বকাপ জেতা দলটির চেয়েও উইন্ডিজের এবারের টি-টোয়েন্টি দলটি বেশি শক্তিশালী। সেটা এতটাই যে ব্রাভোকেও ব্যাট করতে হয় ৯ নম্বরে!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও গত ডিসেম্বরে আবার ফিরে আসেন অলরাউন্ডার ব্রাভো। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাভো আক্ষেপ করেন, দুটো বিশ্বকাপ জেতার পরও উইন্ডিজকে শ্রেষ্ঠ না বলে এখনো বলা হয় ডার্ক হর্স ‘এটা খুব অস্বস্তিকর। উইন্ডিজ সব সময়ের সেরা কজন টি-টোয়েন্টি খেলোয়াড় বানিয়েছে, এই খেলাটা ক্যারিবীয় ক্রিকেটারদের জন্য ডিজাইন করে বানানো। একমাত্র দল যারা দুটি বিশ্বকাপ জিতেছে টি-টোয়েন্টিতে।’

ব্রাভো বলেন, ‘কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সব সময় ডার্ক হর্স বলা হয়, এটা উদ্ভট ব্যাপার। ক্রিস গেইল এই ফরম্যাটের সেরা, যদিও কেউ কেউ এটা মানতে চায় না। আমি বলব গেইলের মতো ডমিনেট করে খেলা একজন আর কোথাও আপনি পাবেন না।’

টি-টোয়েন্টিতে বরাবরই আকর্ষণীয় প্যাকেজ। কার্যকর মিডিয়াম পেস বোলিং, ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন ব্রাভো। অথচ উইন্ডিজ দলের ব্যাটিং অর্ডারে তাকে নাকি রাখা হয়েছিল ৯ নম্বরে। নিজের এই উদাহরণ দিয়েও ক্যারিবিয়ান দলের শক্তির গভীরতা বুঝিয়েছেন তিনি, ‘গত শ্রীলঙ্কা সফরে কোচ (ফিল সিমন্স) আমাদের ব্যাটিং অর্ডার দেখাচ্ছিলেন। আমার নাম দেখলাম ৯ নম্বরে। তখন আমি সবাইকে বললাম কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি ৯-এ খেলিনি।’

এটা দেখেই ব্রাভোর মনে হয়েছে তারা কতটা শক্তিশালী, ‘তখনই সবাইকে বলেছি, আমাদের এই দলটা গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের চাইতেও ভালো। ব্যাটিং অর্ডারে ১০ নম্বরেও ব্যাটসম্যান আছে আমাদের। এটা ফাজলামো না।’

সুনিল নারাইনের উদাহরণ টেনে প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন ব্রাভো ‘ভেবে দেখেন, নারাইনকে যদি পাওয়া যায় তাহলে তাকে নামতে হবে ১০ বা ১১ নম্বরে। অথচ টি-টোয়েন্টি লিগগুলোতে যে কিনা ওপেন করে।’

প্রতিপক্ষের বোলারদের জন্যও উইন্ডিজের বিপক্ষে কাজটা কত কঠিন তার একটা বর্ণনা দিয়েছেন ৩৬ পেরুনো এই অলরাউন্ডার,   ‘বোলার হিসেবে আপনি লুইসকে আউট করবেন, হেটমায়ার আসবে। হেটমায়ারকে আউট করলে পুরান আসবে। সিমন্সকে আউট করলে রাসেল আসবে। রাসেলকে আউট করলে পোলার্ড আসবে। পোলার্ডকে ফেরালে রোবম্যান পাওয়েল আসবে। এভাবে চলতে চলতে আপনি চ্যাম্পিয়ন ডিজে ব্রাভোকে পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত