জয়পুরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ নতুন আরও চারজন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন পরিবার নিয়ে পালিয়ে গেছেন। আক্রান্ত একজন সদর উপজেলার পূর্ব দোগাছী এলাকার, একজন আক্কেলপুর উপজেলার মাতাপুর এলাকার ও অন্য দুজন কালাই উপজেলার আকন্দপাড়া ও কাজীপাড়া এলাকার বাসিন্দা। গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন সেলিম মিঞা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮।
সিভিল সার্জন জানান, বুধবার রাতে ১৮১ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আক্কেলপুরের গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে পাঠানো হয়েছে। একজন তার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পেয়ে তার পরিবার নিয়ে পালিয়ে গেছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
