করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের আগে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বায়তুল মোকাররম ব্যবসায়ী সমিতি। মহামারী করোনাভাইরাস উদ্বেগ বাড়ালেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে পরিস্থিতির উন্নতি না হলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিং মলগুলো না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেটি।
বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে মার্কেটের সব ব্যবসায়ী ও দোকান মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। তারা কেউই ঝুঁকি নিয়ে দোকান খুলতে চাননি। মার্কেটে কেনাকাটা করতে এসে ক্রেতারাও ঝুঁকিতে পড়বেন। তাই ঈদের আগে মার্কেট খুলছে না।
গত সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিং মল আগামী ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়। প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত সতর্কতা গ্রহণ করার কথা চিঠিতে উল্লেখ করা হয়।
