চলতি বছরের চার মাসে বজ্রপাতে সারা দেশে ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের ১১ জন নারী এবং ৬৮ জন পুরুষ। নারী ও পুরুষের মধ্যে ৩ জন শিশু এবং ৯ জন কিশোর। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছে ২১ জন। তার মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছে। চার মাসে নিহত ৭৯ জনের মধ্যে ৭০ জনই এপ্রিল মাসে।
গতকাল বৃহস্পতিবার অনলাইনে ‘সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম’ কর্র্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বজ্রপাতে হতাহতদের নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা ও গবেষণা সেলের প্রধান নির্বাহী আব্দুল আলিম।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাধারণত জানুয়ারি মাসে শীত থাকায় বজ্রপাত হয় না। তবে এবার শীতের মধ্যেও জানুয়ারি মাসে বজ্রপাতে নিহত হয়েছে ৩ জন। ফেব্রুয়ারি মাসে কোনো হতাহত না হলেও মার্চে ৬ জন এবং এপ্রিল মাসেই ৭০ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে বেশি ৪০ জন নিহত হয়েছে কৃষিকাজ করার সময়। নৌকায় বসে মাছ ধরার সময় ২ জন। মাঠ থেকে গরু আনার সময় নিহত হয়েছে ১২ জন বলে অনুষ্ঠানে জানানো হয়। এর আগে ২০১৯ সালে সারা দেশে বজ্রপাতে নিহত হন ২৪৬ জন। এর মধ্যে ৩০ জন নারী, ৬ জন শিশু, ৮ জন কিশোর-কিশোরী এবং ২০২ জন পুরুষ।
আয়োজকরা জানান, বেশ কয়েকটি জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ টেলিভিশনের স্ক্রল থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।
