করোনার কারণে সামনে কঠিন সময় : কাদের

আপডেট : ০৮ মে ২০২০, ০৫:২৩ এএম

করোনাভাইরাসের কারণে সামনে আরও কঠিন সময় আসার আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ আশঙ্কা প্রকাশ করে তা মোকাবিলায় মানসিক প্রস্তুতি নিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ দলীয়ভাবে ৯০ লাখ ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ ৮ কোটি ৬২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বলেও তিনি জানান।

বিশ্বের করোনা পরিস্থিতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে করোনা আক্রান্ত ২১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। সামনে আরও কঠিন সময় আসতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছে। এই চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সঙ্গে। দুর্যোগ মোকাবিলার জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের মানসিক প্রস্তুত রাখার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা তুলে ধরে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, আওয়ামী লীগে ও  সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দলীয় সংসদ সদস্যসহ আমাদের জনপ্রতিনিধিগণ আওয়ামী লীগের পক্ষে সারা দেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের খাদ্য সহায়তা এবং ৮ কোটি ৬২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে অব্যাহত রয়েছে। তিনি বলেন, এছাড়া পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিনসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে। পিতা মুজিবের রাজনৈতিক আদর্শ ও দর্শন এবং নিজের জীবনের অভিজ্ঞতার সমন্বিত বোঝাপড়া নিয়ে তিনি বাস্তবতার নিরিখে সব সময় জনগণের পাশে এসে যা যা করণীয় তা করে যাচ্ছেন। তিনি বলেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেছে অত্যন্ত সার্থকভাবে এবং ধান কাটা সারা দেশে ইতিমধ্যে ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ইফতার ও সাহরিসহ বিনামূল্যে খাদ্যসামগ্রী ও সবজি বিতরণ অব্যাহত রেখেছে।

‘ওয়ান ইলেভেনে’র সময় দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ স্মরণ করে কাদের বলেন, ‘আজ ৭ মে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন। ২০০৭ সালের এই দিনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে শত বাধা-বিপত্তি উপেক্ষা করে দেশে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল তিনি যেন দেশে ফিরে না আসেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা অসীম সাহসের সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ফিরে আসেন দেশের মাটিতে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা যাতে ফিরে না আসতে পারে সেজন্য ফিরে আসার দিনে তখনকার সরকার তার বিরুদ্ধে মামলা করে ওয়ারেন্ট জারি করে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে টিকিট না দেওয়ার জন্য চাপ তৈরি করে। কিন্তু তাকে তারা বাধা দিয়ে রাখতে পারেনি। তিনি দেশে ফিরে আসেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত