সম্পত্তি লিখে না দেওয়ায় ক্ষোভ

অন্ধ বাবাকে পিটিয়ে জখম করল ইমাম

আপডেট : ০৮ মে ২০২০, ০৫:২৭ এএম

সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অন্ধ বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জের পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মো. বদরুদ্দৌজার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ পৌরসভার কাঠবাজার সড়কে ইমাম বদরুদ্দৌজার বাসায় এ ঘটনা ঘটে। আহত বাবা আফতাব উদ্দিন কচুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক। তাকে চিকিৎসা না দিয়ে ইমাম বদরুদ্দৌজা নিজের  বাসায় আটকে রাখেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আফতাব উদ্দিনের বাড়ি রামগঞ্জের করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া বড়বাড়ি গ্রামে। তিনি দীর্ঘ ৪২ বছর সিনিয়র শিক্ষক পদে কর্মরত ছিলেন রামগঞ্জের কচুয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায়। আফতাব উদ্দিনের ৯ ছেলের মধ্যে ৪ ছেলে ঢাকায় এবং ৪ ছেলে প্রবাসে কর্মরত। আরেক ছেলে বদরুদ্দৌজা (৩২) পাটবাজার দারুস সালাম জামে মসজিদে ইমামতি করেন। অন্ধ বাবা ও অসুস্থ মাকে নিয়ে তিনি থাকেন কাঠবাজার সড়কের ভাড়া বাসায়।

আহত বাবা আফতাব উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘বুধবার ফজরের নামাজের পর বদরুদ্দৌজা বাড়ির সব সম্পত্তি তার নামে লিখে দেওয়ার কথা বলে। তখন আমি অন্য ছেলেদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাতের লাঠি দিয়ে আমাকে প্রচণ্ড মারধর করে। আমি তার কাছে অনেক অনুনয়-বিনয় করেও রক্ষা পাইনি। আজ আমরা স্বামী-স্ত্রী সাহরি ছাড়া রোজা রেখেছি। মারধরের সময় আশপাশের বাসার লোকজন এগিয়ে এলে বদরুদ্দৌজা তাদেরও মারার জন্য তেড়ে যায়।’

প্রতিবেশীরা জানায়, ছেলের মারধরে আহত বাবা আফতাব উদ্দিনকে তারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বদরুদ্দৌজা বাধা দেন। এ ছাড়া পাটবাজার মসজিদ কমিটির লোকজন তার নিকটাত্মীয় পরিচয় দিয়ে প্রতিবেশীদের ভয়ভীতি দেখান।

এ ব্যাপারে জানতে চাইলে পাটবাজার দারুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্যা দেশ রূপান্তরকে বলেন, ‘বদরুদ্দৌজা মানসিক বিকারগ্রস্ত।’

কেন একজন অপ্রকৃতস্থ ব্যক্তিকে মসজিদের ইমাম নিয়োগ করা হলো এমন প্রশ্নের জবাবে মসজিদ কমিটির ক্যাশিয়ার হারুন অর রশিদ ওরফে চাঁদা হারুন বলেন, ‘আমরা আগে বুঝতে পারিনি। আমরা রেজল্যুশন করেছি, তাকে বের করে দেওয়া হবে।’

বাবাকে মারধরের ব্যাপারে জানতে চাইলে বদরুদ্দৌজা বলেন, ‘আমার হিসাব-নিকাশ বুঝিয়ে দিচ্ছে না তারা (বাবা-মা)। আমি তাদের খাওয়াচ্ছি। আমার মা রান্নায় তেল বেশি খরচ করেন।’

বাবাকে মারধরের ঘটনায় বদরুদ্দৌজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন গতকাল বিকেলে এই প্রতিবেদককে বলেন, আগে বৃদ্ধ মানুষটিকে হাসপাতালে ভর্তি করা দরকার, চিকিৎসা দরকার। তারপর অভিযোগ পেলে ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত