জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। পরবর্তী মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে জার্মান ক্লাবটির।
২০১৬ সালে ফুটবলকে বিদায় বলার পর শেষ দুই বছর বায়ার্নারের যুব দলের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন ৪১ বছর বয়সী ক্লোজা। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ী ক্লোজা বিশ্বকাপ ইতিহাসেরও সর্বোচ্চ গোল দাতা।
ফুটবলের বিশ্ব আসরে মোট ১৬ গোল ক্লোজার। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মানির হয়ে ১৩৭ ম্যাচে ৭১ গোল করেন এই ফরোয়ার্ড।
খেলোয়াড় হিসেবেও চার মৌসুম বায়ার্নে কাটিয়েছেন ক্লোজা। জিতেছেন লিগ শিরোপা।
বায়ার্ন কোচ ফ্লিকের সঙ্গে কাজ করতে মুখিয়ে ক্লোজা। বলেছেন, ‘আমি ফ্লিককে জাতীয় দলের সময় থেকে চিনি। ব্যক্তিগত এবং পেশাগত দিক দিয়ে আমাদের একে অপরের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। এই দায়িত্ব আমার জন্য কোচিং ক্যারিয়ারের নতুন একটি ধাপ।’
