ফুটবলে ৫ বদলির নিয়ম চূড়ান্ত

আপডেট : ০৮ মে ২০২০, ০৯:২৮ পিএম

করোনা পরবর্তী সময়ে ফুটবলারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতি ম্যাচে তিন জনের জায়গায় পাঁচ জন বদলির প্রস্তাব করেছিল ফিফা। যার অনুমোদন দিয়েছেন ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএফএবি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

বিবৃতিতে ফিফা জানায়, যেসব দেশে প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে, সেগুলোয় এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ ২০১৯-২০ মৌসুমের জন্য কার্যকর হবে এই নিয়ম।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের। খেলোয়াড় পরিবর্তনের এই নিয়ম পরবর্তী মৌসুমেও কার্যকর করা হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফিফা।

ফিফা আরো জানায়, মৌসুম পুনরায় শুরু হলে বর্তমান প্রচলিত ভিএআর (ভিডিও রিপ্লে সিস্টেম) ব্যবহার চাইলে বন্ধ করতে পারবে সংশ্লিষ্ট আয়োজকরা।

নতুন নিয়মে একটি দল পাঁচ খেলোয়াড় বদলের সুযোগ পেলেও পাঁচবার খেলা থামাতে পারবে না। তিনবারেই বদল করতে হবে। সে ক্ষেত্রে একবারে একাধিক খেলোয়াড় বদল করতে পারবে।

করোনার কারণে মার্চ থেকেই প্রায় সব দেশে বন্ধ হয়ে যায় ফুটবল। ফ্রান্স, নেদারল্যান্ডস, আর্জেন্টিনার মতো দেশ এরই মধ্যে তাদের চলতি ফুটবল মৌসুম বাতিল করে দিয়েছে। তবে অনেক দেশ মৌসুম শেষ করার পক্ষে।

জার্মানি, স্পেন, ইতালিতে সেই তৎপরতা চলছে। জার্মানিতে ১৬ মে ফের ফুটবল শুরুর দিনক্ষণও নির্ধারণ হয়েছে। স্প্যানিশ ক্লাবগুলো শুরু করেছেন অনুশীলন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত