দর্শকশূন্য মাঠে খেলা নিয়ে যা ভাবছেন কোহলি

আপডেট : ০৮ মে ২০২০, ১১:০৮ পিএম

মাঠে বিরাট কোহলি বরাবরই আবেগি এক চরিত্রের নাম। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল, মাঠে কোহলির উচ্ছ্বাস দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। অনেকের মতে খেলা দেখতে আসা দর্শকদের সঙ্গে নিজেকে দারুণভাবে সংযুক্ত করতে পারেন কোহলি।

কিন্তু করোনা ধাক্কার মাঝে দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট আয়োজনের মত দিচ্ছেন অনেকে। সেটা হলে কোহলি নিজে কতটা উপভোগ করবেন?

কদিন আগেই শচীন টেন্ডুলকার এ নিয়ে নিজের মত দিয়েছেন। দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট ভাবতেই পারেন না তিনি। সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলিরও একই মত।

কোহলির মতে মাঠে দর্শক না থাকলে খেলার মজাটাই শেষ হয়ে যাবে। স্টার স্পোর্টসের একটি আয়োজনে কোহলি বলেন, ‘দর্শকশূন্য মাঠে খেলা অনেকটা সম্ভাব্য অবস্থায় আছে। হয়তো হবেও। কিন্তু সত্যি কথা বলতে আমি জানি না সবাই বিষয়টি কীভাবে নিবে। কারণ আমরা অনেক উৎসাহী দর্শকের সামনে খেলে অভ্যস্ত।’

‘জানি লড়াইটা হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু দর্শকের সঙ্গে ক্রিকেটারদের সম্পৃক্ততার যে অনুভূতি এবং খেলার যে একটা চাপা উত্তেজনা, যা স্টেডিয়ামে সবার মধ্যে থাকে; এই অনুভূতিগুলো তৈরি করা খুবই কঠিন।’- বলেন কোহলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত