অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে দেশবাসী : ফখরুল

আপডেট : ০৯ মে ২০২০, ০৬:৪৭ এএম

কুমিল্লায় দলীয় কর্মী হত্যার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশবাসী এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদা আতঙ্কিত।’ গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। কুমিল্লা দক্ষিণ জেলার সদর উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুরে বিএনপি কর্মী মো. আলমগীর হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা সারা দেশকে নরকপুরীতে পরিণত করেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে বর্বরোচিত কায়দায় হামলা চালিয়ে আসছে এবং তাদের পৈশাচিকভাবে হত্যা করছে। এই পবিত্র মাহে রমজানেও সেসব সন্ত্রাসীর দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে। বিএনপিকর্মী আলমগীর হোসেনকে রমজানের মধ্যেও নিষ্ঠুর কায়দায় হত্যা তারই নগ্ন বহিঃপ্রকাশ।’

মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের বেপরোয়া এবং লাগামহীন পৈশাচিক দানবীয় কর্মকাণ্ডে এখন দেশবাসীর প্রতিটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে গভীর শঙ্কায়। করোনাভাইরাসের মহামারীতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে আলমগীর হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত