ডিজিটাল নিরাপত্তা আইন

মামলা-গ্রেপ্তার নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউর

আপডেট : ০৯ মে ২০২০, ০৬:৪৮ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাস নিয়ে সরকারের গৃহীত ব্যবস্থার সমালোচনা করার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। 

জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৬ মে রমনা থানায় মামলা করেছে র‌্যাব-৩। অভিযুক্ত ১১ জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ৩১ ও ৩৫ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ কর্র্তৃপক্ষ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো কিছু বন্ধ করতে হবে। ১১ জনের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে বাতিল করতে হবে ও কারাগারে থাকা চারজনকে মুক্তি দিতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, কেবল ব্যঙ্গ-বিদ্রুপ পোস্ট করার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এমন মামলা দায়ের না করে বরং আওয়ামী লীগ সরকারের সমালোচনাগুলো গ্রহণ করা উচিত এবং কভিড-১৯-এর বিষয়ে সরকারের প্রতিক্রিয়াতে যেকোনো ফাঁক থাকলে তা বন্ধের চেষ্টা করা উচিত।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি মনে করে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে সরকারে সব ধরনের তথ্য অনুসন্ধান, প্রাপ্তি এবং প্রদানের অধিকারসহ মতপ্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে সরকার, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করার স্বাধীনতা অন্তর্ভুক্ত।

ব্র্যাড অ্যাডামস বলেন, সরকারের সাংবাদিক, ডাক্তার এবং নার্স ও অ্যাক্টিভিস্টদের হয়রানি বন্ধ করা উচিত এবং এর পরিবর্তে সহায়তা, স্বচ্ছতা এবং সম্পদ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশের জায়গাগুলোতে কাজ করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত