‘রিয়ালে যুগের সূচনা করতে পারবে এমবাপে’

আপডেট : ০৯ মে ২০২০, ০১:৪৭ পিএম

রিয়াল মাদ্রিদে নাম লেখালে ক্লাবটিতে তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপে একটা যুগের সূচনা করতে পারবে বলে বিশ্বাস পিএসজি ও আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরির।

এমবাপেকে ভালো জানাশোনা এমরির। ২০১৭-১৮ মৌসুমে পিএসজির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ওই মৌসুমেই মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে পাড়ি জমান আক্রমণভাগের খেলোয়াড় এমবাপে। সেবার লিগ ওয়ানের পাশাপাশি ফ্রান্স কাপ ও লিগ কাপের শিরোপা জেতে পিএসজি।

সংবাদমাধ্যমে অনেক দিন ধরে গুঞ্জন, রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন এমবাপে। ক্লাবটিতে আসলে ২১ বছর বয়সী এই ফুটবলারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন এমেরি।

ক্রীড়া বিষয়ক দৈনিক এএসকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ এই কোচ বলেন, “অবশ্যই, মাদ্রিদে একটা যুগের সূচনা করার সক্ষমতা এমবাপের।”

“পরামর্শ হলো কোন লিগে আমি তাকে দেখতে চাই? আমি যখন ফ্রান্সে ছিলাম, তখন সে সেখানে ছিল, আমি এটা উপভোগ করেছি। আমি যখন ইংল্যান্ডে গেলাম, আমি তাকে প্রিমিয়ার লিগে খেলতে দেখতে চাইতাম। এখন স্পেনে ফিরলে আমি তাকে এখানেই চাইব।”

তরুণ বয়সেই অর্জনের পাল্লা অনেক সমৃদ্ধ করেছে এমবাপে। পিএসজির হয়ে তিনবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা; একবার এই শিরোপা জিতেছেন মোনাকোর হয়ে। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ।

রিয়ালে আসলে পিএসজি থেকে এমবাপের ক্যারিয়ার আরও আলোকিত হবে বলে মনে করেন এমেরি, “দেখুন, পিএসজিতে আরও কিছু ব্যাপার পূর্ণ হবে তার। তবে কিছু জিনিস পূর্ণ নাও হতে পারে। সেগুলো রিয়াল মাদ্রিদে হতে পারে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত