ফের ৪ হাজার দুস্থকে সাহায্য শচীনের

আপডেট : ০৯ মে ২০২০, ০৪:২৬ পিএম

করোনাভাইরাস সংকটে অসহায়দের এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছেন বেশ কয়েকবার। ফের ত্রাতা হয়ে হয়ে এলেন ‘লিটল মাস্টার’। এবার ৪ হাজার দুস্থকে সাহায্য করলেন ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি।

করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে আর্থিক সাহায্য করেছিলেন। পাঁচ হাজার দুস্থকে খাওয়ানোর দায়িত্বও নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। এবার চার হাজার গরিব মানুষকে আর্থিক সাহায্য করলেন তিনি। যাদের মধ্যে রয়েছে বৃহানমুম্বাই পুরনিগম-বিএমসি’র অন্তর্গত স্কুলের শিশুরাও।

মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এইচআই ৫’ ফাউন্ডেশনে ওই মানুষগুলির জন্য আর্থিক অনুদান দিয়েছেন শচীন। যদিও সাহায্যের জন্য কত অর্থ দিয়েছেন, তা জানা যায়নি। মাস্টার ব্লাস্টারকে টুইট করে ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি।

প্রতিষ্ঠানটি টুইটার পোস্টে লিখেছে- “এই সময় আরও একবার এগিয়ে আসার জন্য ধন্যবাদ। কভিড-১৯ মোকাবিলায় ত্রাণ তহবিলে আপনার অনুদান চার হাজার দুস্থকে অত্যন্ত সাহায্য করবে। উপকৃত হবে বিএমসির স্কুলগুলির কচিকাঁচারাও।”

উত্তরে টুইটারে শচীন লিখেছেন- “দিনমজুরদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে এইচআই ৫। ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত