নুসরাতের বিরুদ্ধে চুরির অভিযোগ

আপডেট : ০৯ মে ২০২০, ১১:২৫ পিএম

সোশ্যাল মিডিয়া একাধিকবার বিদ্রুপের মুখোমুখি হয়েছেন কলকাতার নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। রবীন্দ্রজয়ন্তীতেও একই কাণ্ড হলো। এ দিন সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করেন নুসরাত। তবে নুসরাত বুঝতে পারেননি, এই পোস্টের জন্য তাকে ট্রোলিংয়ের মুখে পড়তে হবে। উঠেছে চুরির অভিযোগও।

আনন্দবাজার পত্রিকা জানায়, ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক শিল্পী পেনসিল ও কলম দিয়ে রবিঠাকুরের একটি স্কেচ এঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই একই ছবি ইন্সটাগ্রাম ও ফেইসবুক পেজে শেয়ার করেন নুসরাত, সঙ্গে নিজের ছবি জুড়ে দেন। এই পোস্টে মূল ছবির শিল্পীর কোনো উল্লেখ না থাকায় শুরু হয়ে যায় ট্রোলিং।

এ প্রসঙ্গে নুসরাত বললেন, ‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ ধরনের ছবি ইন্টারনেটে প্রচুর রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, যেখানে আমি নিজে একজন শিল্পী।’ নুসরাতকে সর্বশেষ দেখা গেছে ‘অসুর’ সিনেমায়। কয়েক মাস আগে নতুন সিনেমার শ্যুটিং শুরু করলেও করোনার লকডাউনের জন্য স্থগিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত