কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। গতকাল শনিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতরা হলো উখিয়ার থাইনখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৮) ও সৈয়দ কবিরের ছেলে মো. রফিক (২৬)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবরে রাতে ঘটনাস্থলে যায় তাদের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন দুপুরে নয়াপাড়া জালিয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা ‘মাদক কারবারিকে’ আটক করেছে র্যাব। আটক নুর উদ্দিন (২৬) টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুনু মিয়ার ছেলে। টেকনাফ থানার ওসি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
