করোনায় প্রাণ গেল আরেক পুলিশের

আপডেট : ১০ মে ২০২০, ০৪:৫৪ এএম

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭)। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার উড়াহাট গ্রামে। জালাল উদ্দিন খোকা স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ শোকপ্রকাশ করেছেন। এ নিয়ে পুলিশের ৭ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে গতকাল সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ কনস্টেবল এনামুল হক (৪৫) ‘করোনার উগসর্গ’ নিয়ে মারা যান।

গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন দিয়েছেন কনস্টেবল খোকা। দেশ ও জাতির কল্যাণে তিনি আত্মোৎসর্গ করেছেন। শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয় গত ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

আইজিপির শোক : পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কনস্টেবল খোকার মৃত্যুর ঘটনায় এক শোকবাণীতে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘করোনা প্রতিরোধে জনগণকে সেবা দিতে গিয়ে আজ জীবন দিলেন বীর পুলিশ সদস্য জালাল উদ্দীন খোকা। তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন দিয়ে জনসেবা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমি এ গর্বিত পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই।’ আইজিপি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সর্বতোভাবে আপনাদের পাশে থাকবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।’ তিনি আরও বলেন, ‘প্রিয় সহকর্মীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশ ও জনগণের সেবায় অবিচল থাকব, দৃঢ় মনোবলের সঙ্গে এগিয়ে যাব।’

‘করোনার উগসর্গে’ মৃত্যু আরেক পুলিশের : তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ কনস্টেবল এনামুল হক বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় কয়েক দিন এনামুলকে পৃথক রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। গতকাল সকালে গরম পানি পান করার প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে। তাকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ‘এনামুলের করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত