ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার চলছে : ফখরুল

আপডেট : ১০ মে ২০২০, ০৫:১৩ এএম

করোনা মহামারীর সময়ে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের চরম অপব্যবহারের অভিযোগ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেবল সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার চলছে।’ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের নামে সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিবাদ’ শিরোনামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক দিন ধরে দেশের কয়েক জায়গায় বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকারের করোনা পরিস্থিতি মোকাবিলার অব্যবস্থাপনা ও ব্যর্থতার ওপর লেখালেখি করার কারণে বেশ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। চলমান বৈশ্বিক করোনা মহামারীর সময়ে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপপ্রয়োগ করে গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশে একটি কার্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। মুক্ত গণমাধ্যম দিবসে পেছনে হাতমোড়া অবস্থায় হ্যান্ডকাফ পরা সাংবাদিকের ছবিসহ সংবাদ, ডিজিটাল আইনকে সরকার কীভাবে সাংবাদিক ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করে চলছে তার একটি উৎকৃষ্ট প্রমাণ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক মানুষ তার কষ্টের কথাও যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। বিটিআরসির মতো একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিণত করেছে ডিজিটাল জগতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রধান পুলিশি প্রতিষ্ঠানে। শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলই নয় দেশের সকল মানবাধিকার সংগঠন ও সংবাদপত্র সম্পাদকদের সম্মিলিত সংগঠন বারবার ওই গণবিরোধী আইন বাতিলের দাবি জানিয়ে আসছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে ও আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। অথচ ত্রাণের চাল চোর ও গম চোরেরা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। এসবের মধ্য দিয়ে সরকারের নিষ্ঠুর, অমানবিক এবং ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচিত হয়েছে।’ সংবাদ সম্মেলনে রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়।

ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ে ‘বিব্রত’ ফখরুল : ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের অ্যাকাউন্টের বিষয়ে ব্যবস্থা নিতে ফেইসবুক কর্র্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন তিনি।

গতকাল শনিবার দলীয় প্যাডে লেখা চিঠিতে বিএনপি মহাসচিব বলেছেন, ‘ভুয়া ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেইসবুক কর্র্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘অনেক দিন ধরে লক্ষ করছি যে, কুচক্রী মহল কর্র্তৃক আমার নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনো অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেইসবুক অ্যাকাউন্ট খুলিনি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই সমস্ত ভুয়া ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়দায়িত্ব আমার নেই। সংশ্লিষ্টদের অনুরোধ করব এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত