বিশ্ব অর্থনীতি ধারণার চেয়েও বেশি খারাপ : আইএমএফ

আপডেট : ১০ মে ২০২০, ০৫:৩০ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ধারণার চেয়েও বেশি খারাপ হয়েছে। এই অবস্থায় আর্থিক বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানান, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য বিদেশি অর্থায়ন বাবদ ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলারের বেশি সহায়তা লাগতে পারে। এর সপ্তাহ তিনেক আগে আইএমএফ উন্নয়নশীল দেশগুলোর জন্য ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন বলে জানিয়েছিল। ১ ট্রিলিয়নে ১ লাখ কোটি। অর্থাৎ বৈশ্বিক সংস্থাটির গত মাসের বিশ্ব অর্থনীতি সংক্রান্ত  পূর্বাভাসের চেয়ে এখন পরিস্থিতি বেশি খারাপ।

গীতা গোপীনাথ বলেন, ‘বর্তমান সংকট দীর্ঘমেয়াদি আমরা জানি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশ্বে জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যার এখনো সমাধান হয়নি।’

আইএমএফ গত ১৪ এপ্রিল তাদের ‘বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদনে বলেছিল, চলতি বছর বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৩ শতাংশ কমবে। তবে এ বছরের দ্বিতীয় ভাগে করোনা মহামারীর প্রভাব কমবে। এপ্রিলের ওই পূর্বাভাসে আইএমএফ তিনটি বিকল্প পরিস্থিতির কথা উল্লেখ করেছিল। সেগুলো হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে করোনার প্রভাব থাকবে, ২০২১ সালে ভাইরাসটি আবার দেখা দিতে পারে এবং দুটোই ঘটতে পারে। অনুষ্ঠানে গীতা গোপীনাথের পূর্বসূরি ও হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক কেনেথ রোগোফ বলেন, কিছু দেশ সচ্ছলতার সংকটে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত