নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিভ্রান্তিমূলক কথাবার্তা বিএনপির লোকজন ছড়াচ্ছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কারও প্রতি আমাদের বিষোদগার নয়, মির্জা ফখরুল যদি মনে করেন তিনি ১০ টাকা কেজি চালের আওতায় আসতে চান তাহলে আমাদের রাস্তা পরিষ্কার আছে। আপনি যদি ত্রাণের আওতায় আসতে চান সেই রাস্তাও আমাদের পরিষ্কার আছে। শুধু আপনাদের সম্মতি দরকার। সে ধরনের নিবেদন করলেই সরকার আপনাদের কাছে ১০ টাকা কেজির চাল ও ত্রাণসামগ্রী পৌঁছে দেবে।’ গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে জেলা আওয়ামী লীগের করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ পরিচালনা কমিটির আয়োজনে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণ শেষে দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদের আয়োজনে ১ হাজার ৮০০ দুস্থ ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন তিনি।
