তামিমকে সুজন, ‘আমি মইরা গেলে দোষ থাকত তোর’

আপডেট : ১১ মে ২০২০, ১২:৩৬ এএম

জাতীয় দলে তখন সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন। সুজনকে নেটে খুব বোলিংয়ে চাইতেন জাতীয় দলের এখনকার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ জন্য তামিম কৃতজ্ঞতাও প্রকাশ করছেন, ‘সুজন ভাই, আপনি আমাকে অনেক বোলিং করছেন। অনেক ধন্যবাদ আপনাকে।’ কিন্তু সেই নেটেই তামিমের এক জোরালো ড্রাইভে মরতে বসেছিলেন সুজন!

মাঠের বাইরের এই গল্পই ওঠে এসেছে রবিবার তিন সাবেক অধিনায়কের সঙ্গে তামিম ইকবালের ফেইসবুক লাইভ আড্ডায়।

এদিন তিন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশারকে নিয়ে ফেইসবুক লাইভে ছিলেন তামিম। পূর্বসূরিদের মুখে থেকে তাদের সংগ্রামের গল্প তুলে এনেছেন এই ড্যাশিং ওপেনার। ওঠে এসেছে অনেক মজার গল্পও।

এক পর্যায়ে তামিম বলছিলেন, ‘সুজন ভাই আজকে হয়তো বা বেঁচে থাকতো না। আমাদের একটা ঘটনা ঘটেছিল…।’

তামিমের মুখে এই কথা শোনে সুজন হাসেন, ‘এটা আমি তোরে বলতাম, আমি মইরা গেল তোর দোষ থাকত…।’

সুজনের মুখে শুনুন ঘটনার বিস্তারিত, ‘তখন আমি সহকারী কোচ। তামিম আমাকে বলছিল, আপনি আমাকে ১৮ গজ দূর থেকে বল করেন…। আমি কাছ থেকে বল করছিলাম। একটা বল এত জোরে ড্রাইভ মারছে আমাকে, আমি এতটা কাছে ছিলাম, নামারও (নিচু হওয়ার) সুযোগ পাইনি।’

সুজন বলে যান, ‘নেমেছি যখন, পিঠে কিস করে চলে গেছে। গেঞ্জি খুলে দেখি লাল দাগ হয়ে গেছে। মাথায় লাগলে তো আমি শেষ, মরে যেতাম ওখানেই।’

এরপর তামিম সুজনকে ধন্যবাদ দেন, তাকে নেটে অনেক বল করার জন্য। এ সময় দুর্জয় মজা করে বলেন, ‘মানুষ তো আগে নেট বলার থাকে। চাচা (সুজন) পরে নেট বোলার হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত