প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার গণপরিবহন বন্ধ ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েন হাজারো শ্রমিক। এ ঘটনায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খাদ্যের দাবিতে ঘণ্টাব্যাপী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন মোটর বাস শ্রমিকরা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে রওশন ফিলিং স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
কালীগঞ্জ উপজেলার মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল বলেন, দেড়-দুই মাস ধরে ঘরে বসে বসে সঞ্চিত আর ঋণ করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। কালীগঞ্জ থানার ওসি সাজ্জাত হোসেন বলেন, বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ইউএনও রবিউল হাসান বলেন, ইউনিয়ন পরিষদ যাচাই-বাছাই করে ত্রাণ দেওয়ার কথা।
অপরদিকে, গণপরিবহন চালু, নইলে পর্যাপ্ত খাদ্যসামগ্রীর দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন পরিবহনশ্রমিকরা। গতকাল রবিবার বেলা ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে দুই শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন।
