উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

আপডেট : ১১ মে ২০২০, ০৪:২২ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী ময়নারঘোনা ঢালারমুখ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শওকত আলী (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, কিছু রোহিঙ্গা একটি ইয়াবার চালান নিয়ে ক্যাম্পে প্রবেশ করবে এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইয়াবা পাচারকারীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় পাঁচজন রোহিঙ্গাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ওসি জানান, আটক পাঁচ ব্যক্তির মতে নিহত ব্যক্তির নাম শওকত আলী। সকালে নিহত ও রোহিঙ্গার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত