‘বিষাদের গানের ভেলা, ভেসে যায় চোখেরই জলে’ শিরোনামের গান প্রকাশ হচ্ছে রবিবার। শাকির দেওয়ানের কথায় কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়।
কলকাতায় রেকর্ড হওয়া গানটির সুর ও সঙ্গীতায়োজন শিল্পীর নিজের। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং-এ ছিলেন জেকে মজলিশ।
করোনা সংকটের মাঝে গান প্রকাশ নিয়ে সমরজিৎ বলেন, “বড্ড অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে সময়টা। করোনার কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়েই সবাই গৃহবন্দী। শিল্পী হিসেবে দায়িত্বের জায়গা থেকে লকডাউনের শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছি ফেইসবুক এবং ইউটিউবে মানুষকে গান শোনাতে।
যাতে কিছুটা হলেও মানসিকভাবে চাঙা থাকা যায়। কারণ সংগীত এমন একটি বিষয় যা জীবনের সকল দুশ্চিন্তাকে নিমেষে ভুলিয়ে দিতে সক্ষম। দেশের এমন দুঃসময়ে গান ছাড়া তেমন কিছুই দেয়ার নেই আমার। এই মুহূর্তে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছি। তাই নতুন নতুন গান উপহার দিয়ে চেষ্টা করছি মানুষের দুঃসহ সময়কে উপভোগ্য করে তুলতে। বেশকিছু গান আগেই রেকর্ড করা ছিল যা পর্যায়ক্রমে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি।”
গীতিকবি শাকির দেওয়ান বলেন, “এই সংকট মানবসৃষ্ট। প্রকৃতির প্রতি এতকাল আমরা যে নৃশংস অত্যাচার করে এসেছি ‘করোনা' তারই ফসল। সুতরাং মনোবল অটুট রেখে নিজেকে শুধরে নেবার এখনি সময় তাই হাঁপিয়ে ওঠা গৃহবন্দী নিস্তরঙ্গ জীবনের আনন্দ-অনুষঙ্গ হোক গান।”
