আর্চারের কাছে লোকেশ রাহুল ‘সবচেয়ে কঠিন’ ব্যাটসম্যান

আপডেট : ১১ মে ২০২০, ১০:৪১ এএম

গতি, নিয়ন্ত্রিত লাইন আর সুইংয়ে তিনি এই সময়ের অন্যতম ‘ভয়ংকর’ বোলার। তার বিরুদ্ধে অধিকাংশ ক্রিকেটার আগপাছ ভেবে ব্যাট চালান। আর সেই জোফরা আর্চার বলছেন টি-টোয়েন্টিতে ভারতের জাতীয় দলের অনিয়মিত ওপেনার লোকেশ রাহুলকে তার বল করতে কষ্ট হয়।

লকডাউনের সময় অন্য সবার মতো আর্চারও বাড়িতে আছেন। সেখানে বসে আইপিএল দল রাজস্থান রয়্যালসের পডকাস্টে অংশ নেন। ক্লাব সতীর্থ ইশ সোধি তার কাছে সবচেয়ে কঠিন ব্যাটসম্যানের নাম জানতে চান।

সুপার-ওভারে দারুণ বল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো আর্চার জবাবে বলেন, ‘অবশ্যই লোকেশ রাহুল। কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় সে আমাকে কয়েকবার পেয়েছে। সুতারং তার কথাই বলব। অন্য কারো কথা বলতে পারি না। অধিকাংশ সময় সে-ই আমাকে তুলনামূলক ভালো খেলে।’

আলাপের সময় কিউই লেগস্পিনার জানান, চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে লোকেশ দারুণ খেলেছেন।

কেএল রাহুল জাতীয় দলে অনিয়মিত হলেও আইপিএলে জনপ্রিয় এক নাম। গত মৌসুমে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪ ম্যাচে ৫৯৩ রান করেন। এর মধ্যে একটি ছিল অপরাজিত শতক, ছয়টি অর্ধশতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত