মার্চের প্রায় শুরু থেকেই একের পর এক খেলা বন্ধ হয়ে যায় করোনাভাইরাসের কারণে। মানুষের মানসিকতা চাঙ্গা থাকার যে মাধ্যম সেই খেলাধুলাটা না থাকায় সব স্থবির। স্থবির মানুষের মনের আনন্দের মাত্রাও। এই অবস্থার পরিবর্তনের জন্য দ্রুত মাঠে খেলা ফিরুক এই আশা করছেন কেভিন পিটারসেন। সাবেক ইংলিশ ব্যাটসম্যান আরও জানান, দর্শক-সমর্থকদের প্রতি খেলোয়াড়দের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে ক্রিকেটারদের মাঠে দেখতে চান পিটারসেন।
বর্তমানে বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ সংস্থার একজন সদস্য হিসেবে কাজ করা পিটারসেন যত দ্রুত সম্ভব ক্রিকেট মাঠে দেখতে চান। এজন্য সব ক্রিকেট সংস্থা বা বোর্ডগুলোকে যেকোনো চেষ্টায় এক হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার জানান, সমর্থক মানে মানুষদের এখন চাঙ্গা হওয়ার প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সবাই মনমরা হয়ে গেছে। তাদের একটু মানসিক আনন্দ দেওয়ার মাধ্যম হলো খেলা। তাই যত দ্রুত সম্ভব খেলাকে মাঠে ফেরানো হোক। যতদিন না করোনার কোনো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে ততদিন শূন্য গ্যালারিতে খেলা হোক। খেলোয়াড়দের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
আগামী ১৭ মে গলফার রোরি ম্যাকলরয় একটি প্রীতি টুর্নামেন্ট খেলবেন। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল জুনের মাঝামাঝি ফেরার চেষ্টা করছে। এই বিষয়গুলোকে খুবই আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন পিটারসেন। পাশাপাশি কিছু তারকাকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান, সমর্থকরা কোনো কোনো খেলা শুধু একজন খেলোয়াড়ের জন্য দেখে। এই সময় তাদের উচিত এগিয়ে আসার। মাঠে দর্শক থাকবে না এটা ঠিক, কিন্তু টেলিভিশনে এখন এক-এক খেলার কী পরিমাণ ভিউয়ার থাকবে সেটা চিন্তাই করা যায় না। তাই আমার মনে হয় ব্যবসায়িকদের জন্য এখন দারুণ সময়। যেভাবেই হোক খেলাটা শুরু হোক।’
