টিভি নাটক নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর সঙ্গে নাটকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন অর্ক রায় সেতু
নাট্যজগতে প্রবেশ...
ইফতেখার আহমেদ ফাহমীর সহকারী পরিচালক হিসেবে নাটকে কাজ শুরু করেছিলাম। সেখান থেকে নাট্যনির্মাণকে পেশা হিসেবে বেছে নিয়েছি।
জীবন ও নাটক...
জীবনের অনেক ঘটনা একটা গল্পকে প্রভাবিত করতে পারে। বাস্তবতা প্রতিটি গল্পে এক-একটা মোড় এনে দেয়। নতুন নতুন চরিত্র সৃষ্টি করে দেয়, যা যুগ যুগ ধরে হয়ে আসছে, আমরাও করছি।
দর্শকের ভারতীয় নাটকে আগ্রহ...
ভারতীয় নাটকের প্রতি আমাদের দেশের দর্শকের আগ্রহ আছে সেটা মানি, কিন্তু এটাও মানতে হবে, বাংলাদেশের নাটক দর্শক ওসব নাটকের চেয়ে অনেক বেশি ভালোবাসে। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে বড় না হলেও জনসংখ্যা কিন্তু অনেক বেশি। তাদের বিশাল একটা অংশ আমাদের নাটক দেখে। কেউ হলিউড বা ভারতীয় সিনেমা দেখবে এটাই স্বাভাবিক। তবে ভারতীয় নাটকে আমাদের দেশের মানুষ আকৃষ্ট বেশি হয় সেগুলোর নেগেটিভ রোলের জন্য। মানুষ স্বভাবত এই নেগেটিভটা বেশি পছন্দ করে। তবে কলকাতার মানুষ নিজেদের নাটকের চেয়ে বাংলাদেশি নাটক বেশি পছন্দ করেন, যা ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি। ভারতের লাখ লাখ মানুষ আমাদের নাটকের দর্শক।
মধ্যবিত্ত জীবনের প্রাধান্য...
আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। মধ্যবিত্ত জীবন মানে আসলেই যে টানাপড়েন তা কিন্তু নয়। এই জীবনে অশ্রু যেমন আছে, তেমনি আনন্দও আছে। সে কারণে আমি প্রায়ই মধ্যবিত্ত জীবনের আনন্দ-বেদনার দুটি দিক নিয়েই গল্প রচনা করে থাকি। একটা গল্পে সব সময় ভালো-খারাপ দুটি দিক দেখানোর চেষ্টা করি। মুদ্রার এপিঠ-ওপিঠ দুটি দিক যেমন থাকে। মানুষের জীবন যেমনই হোক মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত প্রত্যেকটা গল্পের এক একটা বাস্তবতা আছে।
ভালো নাটকের জন্য...
ভালো নাটকের জন্য সবচেয়ে অপরিহার্য একটা ভালো গল্প। অভিনেতা-অভিনেত্রীর চরিত্র অনুযায়ী পারফরম্যান্সও অনেক জরুরি। তবে টেকনিক্যাল বিষয়গুলো এখন নাটকে খুব বেশি প্রয়োজন। আগে নাটকে গান ব্যবহৃত হতো না। এখন অনেক গান ব্যবহৃত হয়।
নির্মাণ কখন সার্থক?
নাটক নির্মাণ তখনই সার্থক হয়, যখন দর্শক নাটক দেখার পর গল্পটি বুঝতে পারবে এবং নাটকের সঠিক মেসেজটি ধরতে পারবে। আরও ভালো লাগে যখন দেখি আমার একটা গল্প দেখে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লেগে যায়। সেজন্য চেষ্টা করি সব নাটকে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার। এভাবে নাটকে নির্মাতার সার্থকতা আসে।
সমাজ বদলে নাটক...
ভালো নাটক কিন্তু মানুষের জীবন অনেকাংশে বদলে দেয়। মানুষ সমাজ ও জীবনের প্রতি ইতিবাচক হয়। এভাবে কিন্তু সমাজ পরিবর্তনে নাটকের একটা প্রভাব পড়ে। তা টিভি নাটক বা মঞ্চ নাটক।
ঈদে নতুন নাটক...
করোনাভাইরাসের যন্ত্রণায় আমরা আসলেই কাতর। ঘর থেকে বের হতে পারছি না। তাই নতুন করে নাটক তৈরির সুযোগ নেই। আগে ৫-৬টি নাটক তৈরি করা ছিল, সেগুলো এবারের ঈদে আসবে।
