গম্ভীরের প্রশ্ন, অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বর হয়

আপডেট : ১১ মে ২০২০, ১১:৫৭ পিএম

ক’দিন আগেই নতুন টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ভারত নেমে গেছে তিন নম্বরে। অস্ট্রেলিয়া উঠেছে চূড়ায়। কিন্তু অজিদের শীর্ষে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতির কড়া সমালোচনা করেছেন সাবেক এই ক্রিকেটার।

আইসিসি র‌্যাঙ্কিং নিয়ে বিস্মিত গম্ভীর বলেন, ‘কোন দিক থেকে অস্ট্রেলিয়া এক নম্বর? দেশে ও দেশের বাইরে ভারতই সব থেকে কঠিন দল। দক্ষিণ আফ্রিকায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে জিতেছে। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও জিতেছে। অনেক দেশই কিন্তু এভাবে দেশের বাইরে গিয়ে জিততে পারেনি।’

১ মে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। মাত্র ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (১১৫)। আর ভারতের রেটিং পয়েন্ট ১১৪।

গম্ভীর বলছেন, ‘আমি পয়েন্ট ও র‌্যাঙ্কিং সিস্টেমে বিশ্বাসী নই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই যেমন। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলেও যা পয়েন্ট ঘরে জিতলেও একই পয়েন্ট। এটা কী করে হয়?’

গম্ভীরের মতো তাই ভারতই এক নম্বর টেস্ট দল, ‘আমার মতে ভারতই এক নম্বর টেস্ট দল। অস্ট্রেলিয়া এক নম্বর দল, এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়া তো ঘরের বাইরে খুবই খারাপ পারফর্ম করেছে। বিশেষ করে উপমহাদেশে তো খুবই খারাপ খেলেছে ওরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত