আরও ৪৩ পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

আপডেট : ১২ মে ২০২০, ১২:১৩ এএম

ড্যানিশ, সুরেস ও প্রমিসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। খোলাবাজার থেকে সংগৃহীত পণ্য ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) থেকে নিম্নমানের হওয়ায় এসব পণ্য নিষিদ্ধ ঘোষণা করে বিএসটিআই। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

নিম্নমানের পণ্য নিষিদ্ধের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। পরবর্তীতে উক্ত পণ্যগুলোর মানোন্নয়ন করে পুনঃঅনুমোদন ব্যতিরেকে সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিএসটিআই। এছাড়া নিষিদ্ধ ঘোষিত পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নমানের হওয়ায় সম্প্রতি আরও ১৭টি পণ্য নিষিদ্ধ করে বিএসটিআই।

বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ করে প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে কি না তা যাচাই করার জন্য বছরব্যাপী নিয়মিত সার্ভিল্যান্স অভিযান পরিচালনার মাধ্যমে  খোলাবাজার থেকে পণ্য সংগ্রহ করে বিএসটিআই তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করে। রমজান মাস উপলক্ষে বিএসটিআই সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে প্রথম ধাপে ২৫১টি নমুনা পরীক্ষায় ১৭টি পণ্য নিম্নমানের পাওয়ায় সেগুলো নিষিদ্ধ করা হয়। অবশিষ্ট ২৭০টি নমুনার পরীক্ষায় আরও ৪৩টি নমুনা নিম্নমানের পায় বিএসটিআই, যেগুলো গতকাল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন করে যেসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেস ব্র্যান্ডের সরিষার  তেল, ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল, ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার  তেল, নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল। নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেডের ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া, কারি পাউডার (বিফ মাসালা) ও কারি পাউডার (চিকেন মাসালা)। নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২-এর  বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ) উল্লেখযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত