ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকা খোয়া

আপডেট : ১২ মে ২০২০, ০২:২০ এএম

পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে গত রবিবার ৮০ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন ব্যাংকের দুজন নিরাপত্তাকর্মী, একজন এক্সকিউটিভ অফিসার ও গাড়ির চালক। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘টাকা বহনের সময় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের জন্য কাল (মঙ্গলবার) তাদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। তারা এখনো টাকা নেওয়ার বিষয় স্বীকার করেনি। অধিকতর তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’

গত রবিবার ন্যাশনাল ব্যাংকের টাকা বহনকারী একটি গাড়ি পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাংকটির শাখা থেকে টাকা সংগ্রহ করছিল। এ সময় গাড়িতে ব্যাংকের দুজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী, একজন এক্সকিউটিভ অফিসার ও গাড়ির চালক ছিলেন। তারা বিভিন্ন এলাকার শাখা থেকে টাকা সংগ্রহ করে ইসলামপুর শাখায় যান দুপুরে। ওই শাখা থেকেও টাকা নিয়ে গাড়িতে তোলা হয়। এরপরই গাড়ি মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরই গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার দিয়ে বলেন, টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না। তাতে ৮০ লাখ টাকা ছিল। এ ঘটনায় ব্যাংক কর্র্তৃপক্ষ থানায় অভিযোগ করে। এরপরই টাকা বহনকারী গাড়িতে থাকা চারজনকেই আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত