করোনা মোকাবিলায় সরকার চারদিক থেকে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অনলাইনে যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, সরকারের ব্যর্থতায় সাংবাদিক মারা যাচ্ছে, চিকিৎসক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যুর সব দায় সরকারের, এই দায় তাদের নিতে হবে।
তিনি আরও বলেন, যখন চীনে করোনা মহামারী শুরু হলো তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। যদি প্রথম থেকে তারা পদক্ষেপ নিত তাহলে আজ লাশের সারি দীর্ঘ হতো না। এত মানুষ মারা যেত না। আজ এই মৃত্যুর দায় সরকারের।
বিএনপির এই নেতা বলেন, অতিরিক্ত সচিবের মতো সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।
