সাক্ষাৎকারে নোয়াম চমস্কি

আমেরিকানদের পিঠে ছুরি মেরেছেন ট্রাম্প

আপডেট : ১২ মে ২০২০, ০৬:২৭ এএম

করোনাভাইরাসে বিশ^ব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১৩ লাখ ছাড়িয়েছে। মারা গেছে প্রায় ৮০ হাজারের বেশি মানুষ। এ পরিস্থিতির জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন খ্যাতনামা ভাষাতাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক নোয়াম চমস্কি। ট্রাম্প আমেরিকানদের পিঠে ছুরি মেরেছেন বলেও অভিযোগ তার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। গতকাল সোমবার সেটি প্রকাশ করে গার্ডিয়ান। চমস্কি বলেন, নিজের নির্বাচনী সম্ভাবনা বাড়াতে এবং বড় ধরনের ব্যবসা ধরতে করোনাভাইরাস মহামারীকে ব্যবহার করেছেন ট্রাম্প। এ জন্য হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী তিনি। 

যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিকে কমপক্ষে গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্যসংকট হিসেবে উল্লেখ করেন চমস্কি বলেন, এ সময়ে দেশের ত্রাণকর্তা হওয়ার ভান করে সাধারণ আমেরিকানদের পিঠে ছুরিকাঘাত করেছেন ট্রাম্প। 

তিনি বলেন, ট্রাম্প তার মেয়াদের প্রতি বছরই স্বাস্থ্যসেবার খাতের বাজেট আরও কমিয়েছেন। সুতরাং তার পরিকল্পনা হচ্ছে, এ খাতের তহবিল আরও কর্তনের মাধ্যমে জনগণকে যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করা। যেন এতে করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি বা প্রাথমিক বাছাইয়ে সম্পদ ও করপোরেট শক্তির দিক থেকে নিজের সংগঠকদের আরও লাভবান করে তোলা যায়।

চমস্কি বলেন, বিভিন্ন রাজ্যের গভর্নরদের করোনা মোকাবিলার দায়িত্ব নিতে বাধ্য করে ট্রাম্প তার নিজের দায়িত্ব পরিত্যাগ করেছেন। এটি বিপুলসংখ্যক মানুষকে খুন করা এবং নিজের নির্বাচনী রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য একটি দুর্দান্ত কৌশল।

ট্রাম্পকে করোনায় আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী হিসেবে দেখছেন কি না? এমন প্রশ্নের উত্তরে নোম চমস্কি বলেন, ‘হ্যাঁ! তবে বাস্তবতা এর চেয়েও খারাপ। কারণ এটি আন্তর্জাতিকভাবেও প্রযোজ্য। আমেরিকান জনগণের বিরুদ্ধে নিজের অপরাধ ঢাকতে তিনি বলির পাঁঠা খোঁজার চেষ্টা করছেন।

এই শিক্ষাবিদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত ইয়েমেন ও আফ্রিকা মহাদেশজুড়ে বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত