ডা. জাফরুল্লাহর অভিযোগ

অজ্ঞাত কারণে বিএসএমএমইউ কিট নিতে বিলম্ব করছে

আপডেট : ১২ মে ২০২০, ০৬:৩২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্র্তৃপক্ষ কিট নিতে দীর্ঘসূত্রতা অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গতকাল সকালে নেওয়ার কথা ছিল বিএসএমএমইউ কর্র্তৃপক্ষের। সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এ সময়ে কিট নিয়ে পরীক্ষা করলে জাতি কিছুটা উপকৃত হতো। অল্প টাকায় পরীক্ষা করতে পারত। ঢাকায় কভিড-১৯ রোগী বেশি। কিন্তু অজ্ঞাত কারণে বিএসএমএমইউ কিট নিতে বিলম্ব করছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন আমাদের প্রতিনিধি বিএসএমএমইউ যান। কিন্তু কখন নেবে, কতগুলো নেবে সে বিষয়ে কিছু বলছে না। আমাদের কিট প্রস্তুত আছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অধ্যাপক মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ‘পৃথিবীতে আমরাই প্রথম এন্টিজেন ও অ্যান্টিবডি তৈরি করেছি। কিন্তু স্বীকৃতি পেলাম না। এখন অন্য দেশ এমনকি ভারতও অনুমতি দিয়েছে এন্টিজেন দিয়ে পরীক্ষার জন্য। আমরা পারছি না। করোনা শনাক্তের কিট তৈরি করে বসে আছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালের সীমাবদ্ধতা আছে। এখানে সবচেয়ে বড় ডায়ালাইসিস সেন্টার। চেয়েছিলাম অন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে কভিড ডেডিকেটেড হাসপাতাল করতে। কিন্তু অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। বিএসএমএমইউ বিলম্ব করায় আমাদের হাসপাতালে সীমিত পরিসরে কভিড টেস্ট কার্যক্রমও বিলম্বিত হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত