দেশে ফিরেছেন যুক্তরাজ্যে আটকেপড়া ১১৪ বাংলাদেশি। গতকাল সোমবার বিমানবাহিনীর ভাড়া করা বিমানের একটি ফ্লাইটে তারা ফেরেন। এদিন ইন্দোনেশিয়া থেকে এসেছেন আরও ১৫১ জন। ২৬৫ বাংলাদেশি ফেরার দিনে ঢাকা ছেড়েছেন ভারত, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার ৫৬৫ নাগরিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেক পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল পাঁচটি ফ্লাইট ওঠানামা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বেবিচক সূত্র জানায়, যুক্তরাজ্যে ভ্রমণ বা পড়ালেখার জন্য গিয়ে লকডাউনে আটকেপড়া ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা সাড়ে ১১টায় লায়ন এয়ারের একটি ফ্লাইটে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ১৫১ বাংলাদেশি ঢাকায় ফেরেন। তারা ব্যবসায়িক ও পর্যটক হিসেবে গিয়ে আটকা পড়েন। লায়ন এয়ারের ওই ফ্লাইটেই আবার ফিরে যান ঢাকায় বসবাসরত দেশটির ১৯৬ নাগরিক। দুপুর ১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ফিরে যান ঢাকায় বসবাসরত ১০৭ ভারতীয় নাগরিক। তারা মোদি সরকারের ঘরে ফেরা বন্দে মাতরম কর্মসূচির অংশ হিসেবে ফিরে গেছেন। এর আগে কোরিয়ান এয়ারের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন দক্ষিণ কোরিয়ার ২৬২ নাগরিক।
