লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর এলাকার আরজিনা বেগম (২৬) নামে ওই গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগে পাটগ্রাম থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।
নিহতের পরিবার ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাইশপুকুর খালিশা গ্রামের আমির উদ্দিনের মেয়ে আরজিনা বেগমের সঙ্গে পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের আজিজার রহমানের ছেলে রাসেল মিয়ার (২৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধূ আরজিনাকে যৌতুকের কারণে প্রায়ই মারধর ও নির্যাতন করত স্বামী রাসেল ও তার পরিবারের লোকজন। এ অবস্থায় গত রবিবার দুপুরে একই কারণে আরজিনাকে বেদম মারধর করা হয়। এতে তার মৃত্যু হলে লাশ ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রেখে শ্বশুর, ভাশুর, জা ও ননদরা পালিয়ে যায়।
এ ঘটনায় রবিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় যৌতুকের কারণে মারধর এবং নারী ও শিশু নির্যাতন আইনে মেয়ের স্বামী রাসেলকে প্রধান করে আটজনকে আসামি করে মামলা করেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে ওই গৃহবধূর বাবা থানায় মামলা করেছেন। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
